রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাত্র দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

২৭ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে দেখার অপেক্ষায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র দুই ঘণ্টার মধ্যেই।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হিসেবে বিবেচিত এই ম্যাচকে ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আগ্রহ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম TNT Sports-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।

মেসির বিদায়ী ম্যাচকে আরও বিশেষ করে তুলতে থাকছে আলাদা আয়োজন। ম্যাচটিতে ৩৯ বছর বয়সী এই তারকা বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন বলে জানা গেছে। জার্সিতে থাকবে তাঁর নাম ও ঐতিহাসিক ১০ নম্বর, যা সোনালি নকশায় ফুটিয়ে তোলা হবে।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার ইতোমধ্যেই ইতিহাসে পরিণত হয়েছে। জাতীয় দলের জার্সিতে তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের স্বর্ণপদক।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ১২৫, পাশাপাশি রয়েছে ৬৮টি অ্যাসিস্ট। তাই ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধুই একটি প্রীতি ম্যাচ নয়। এটি হতে পারে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের আবেগঘন শেষ দৃশ্য।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন