ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয় পেলেন কিংবদন্তি জিনেদিন জিদান। দীর্ঘ সময় দিদিয়ের দেশমের অধীনে খেলার পর নতুন কোচের অধীনে প্রথম পরীক্ষায় তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ের একমাত্র গোলটি এসেছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ৪–৩–৩ ফরমেশনে দল সাজান জিদান। শুরুটা অবশ্য ফ্রান্সের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তুরস্কের আক্রমণাত্মক ফুটবল ও হাইপ্রেসিংয়ের কারণে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে সময় লাগে ফরাসিদের।
ম্যাচের শুরুতেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তুরস্ক। গোলরক্ষক মাইক মাইনিয়ঁর গুরুত্বপূর্ণ কিছু সেভ এবং ফরাসি রক্ষণভাগের দৃঢ়তায় গোল হজম থেকে বেঁচে যায় ফ্রান্স। প্রথমার্ধের শেষ দিকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে তারা।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সের আক্রমণে আরও ধার বাড়ে। এরপর আসে কাঙ্ক্ষিত গোল। জুলস কুন্দে ও রায়ান শেরকির চাপ তৈরির পর বল চলে যায় মাইকেল ওলিসের কাছে। ওলিসে বাঁ দিকে থাকা এমবাপ্পেকে বল বাড়িয়ে দিলে নিখুঁত ফিনিশিংয়ে সেটিকে জালে পাঠান ফরাসি অধিনায়ক।
তবে গোল করার কিছুক্ষণ পরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে। তার পরিবর্তে মাঠে নামেন দেজিরে দুয়ে। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি ফ্রান্স।
জুলস কুন্দের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শেষদিকে তুরস্ক আরও বড় ধাক্কা খায়। ৮৮ মিনিটে গোলরক্ষক চাকির বক্সের বাইরে হাতে বল স্পর্শ করায় সরাসরি লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও তুরস্কের বিপক্ষে আর গোল করতে পারেনি ফ্রান্স।

