শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১২০০ রানারের পদচারণায় রাজশাহীতে ‘রান ফর সিল্ক সিটি-২০২৬’

রাজশাহী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ 

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে ‘সিল্ক সিটি’ হিসেবে নগরীর পরিচিতি আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি-২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ রানার এতে অংশ নেন।

শনিবার সকাল ৬টায় বাংলাদেশ রেশম শিল্প উন্নয়ন বোর্ডের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পরে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন।

সিল্ক সিটি রানার্স কমিউনিটির আয়োজনে ম্যারাথনটি বাংলাদেশ রেশম শিল্প উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার অতিক্রম করে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম শিল্প উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটি, রাজশাহীর প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি।

স্বাগত বক্তব্য দেন সিল্ক সিটি রানার্স কমিউনিটির উপদেষ্টা মোছা. রিক্তা পারভিন।

তিনি বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও এ নগরীর বিশেষ পরিচিতি রয়েছে। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে খেলাধুলা ও শরীরচর্চার প্রসারের পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা এবং দৌড়ের মাধ্যমে মানুষকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন