শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই জাতিসংঘে গণওয়াকআউট, বাংলাদেশসহ প্রায় ৭০ দেশ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে নজিরবিহীন দৃশ্য; কেউ হল ছাড়লেন, কেউ আসন রাখলেন ফাঁকা

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন বহু দেশের প্রতিনিধিরা। বাংলাদেশসহ প্রায় ৭০টি দেশের প্রতিনিধিদল এই গণপ্রতিবাদে অংশ নেয় বা নেতানিয়াহুর ভাষণের সময় নিজেদের আসন ফাঁকা রাখে। গাজা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এ ঘটনা ঘটে।

নেতানিয়াহু বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামের দিকে এগোতেই বিভিন্ন দেশের কূটনীতিকরা একযোগে আসন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন। কোনো কোনো দেশ তাদের একজন প্রতিনিধি বা জুনিয়র কূটনীতিককে হলে রেখে দেয়। আবার কয়েকটি দেশের প্রতিনিধিরা তার ভাষণে উপস্থিতই হননি।

রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ ত্যাগ করেন। প্রকাশিত ভিডিওতেও একসঙ্গে বহু প্রতিনিধিকে হল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

আনাদোলুর তথ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশ, তুরস্ক, ফিলিস্তিন, পাকিস্তান, তিউনিসিয়া, সিরিয়া, আলজেরিয়া, ইয়েমেন, মিসর, ইরাক, সৌদি আরব, জর্ডান, ইরান, কাতার, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কুয়েত।

এ ছাড়া স্পেন, ব্রাজিল, পেরু, কিউবা, নাইজেরিয়া, ঘানা, লিবিয়া, আফগানিস্তান, ওমান, নাইজার, মাদাগাস্কার, বতসোয়ানা, বাহামাস, অ্যান্টিগুয়া ও বারবুডা এবং কাবো ভার্দেসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের হল ত্যাগ অথবা অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে।

বাংলাদেশের প্রতিনিধিদলও নেতানিয়াহুর বক্তব্যের সময় গণওয়াকআউটে অংশ নেয় বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনেও জানানো হয়েছে।

প্রতিনিধিদের এই প্রতিবাদের মধ্যেই নিজের ভাষণ চালিয়ে যান নেতানিয়াহু। হল ছেড়ে যাওয়া কূটনীতিকদের সমালোচনাও করেন তিনি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ড নিয়ে চলমান আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই জাতিসংঘের মঞ্চে এই গণওয়াকআউট হলো।

২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ-সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে। ইসরায়েল ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে কূটনীতিকদের গণওয়াকআউটের পাশাপাশি বাইরে নেতানিয়াহুর উপস্থিতি ও ইসরায়েলের গাজা নীতির বিরুদ্ধেও বিক্ষোভ হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন