কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া প্রায় ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার করা তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কয়েকজন ব্যক্তিকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের সেভেন জেটি এলাকা থেকে বৈদ্যুতিক তার নিয়ে বের হতে দেখতে পান কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর সদস্য সিপাহি মো. মোশাররফ হোসেন।
বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎকেন্দ্রের মেইন গেটে দায়িত্বে থাকা সিপাহি আব্দুল জলিলকে সঙ্গে নিয়ে সন্দেহভাজনদের আটকের চেষ্টা করেন। একই সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধারে তৎপর হন তারা।
আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বৈদ্যুতিক তারগুলো ফেলে পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ কেজি মোটা তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেন।
উদ্ধারের পর চুরি হওয়া তামার তারগুলো বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আনসার ব্যাটালিয়নের সদস্যরা জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ প্রতিরোধেও তারা নিয়মিত সতর্ক অবস্থানে থাকেন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে উদ্ধারকে গুরুত্বপূর্ণ স্থাপনার সম্পদ সুরক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীলতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাহিনীটি।

