রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাজবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোমিন মন্ডলের সভাপতিত্বে মাজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য এবং মাজবাড়ি ইউনিয়ন বিএনপির ৩ বারের সাবেক সভাপতি কে,এম নইমুল হক তাঁর নির্বাচনী অঙ্গীকার ও ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, এই ইউনিয়নে যারা চেয়ারম্যান প্রার্থী হবেন তাদের মধ্যে থেকে আপনারা যোগ্যতম প্রার্থী দেখে ভোট দিবেন। বিভিন্ন দল থেকে এসে বিএনপিতে যোগ দিয়ে জনগণের পাশে গিয়ে ভালো ভালো কথা বলছেন এই ভালো কথা থাকবে কিনা সেটা মাজবাড়ি ইউনিয়নবাসীর ভাবা দরকার।
সভায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তাঁর ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—নাগরিক সেবা সহায়তা ডেস্ক চালু করা, দ্রুত অভিযোগ সেবা নিশ্চিত করা, ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, মাসিক জনশুনানির আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের প্রকাশ্য হিসাব প্রদান, খাল খনন ও কৃষকের উন্নয়ন প্রকল্প৷ আলোকিত জনপথ গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি, তরুণদের দক্ষতা উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী জনমত গঠন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের কাজের রিপোর্ট প্রকাশ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কে. এম. নাহিদ সাঈদ মুন, কালুখালী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নীরব বাবু ও কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. পলাশ শেখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, মাজবাড়ি ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান,
সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

