সুনামগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ ভবনের গুদাম থেকে মূল্যবান বৈদ্যুতিক তামার তার চুরির চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের বিএডিসি সেচ ভবনের ২ নম্বর গুদামের সামনে এ ঘটনা ঘটে। গুদামের মূল ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. শামীম মিয়া। দায়িত্ব পালনকালে তিনি গুদাম থেকে বৈদ্যুতিক তামার তার চুরির চেষ্টা দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পে থাকা অন্য আনসার সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সম্মিলিতভাবে অভিযান চালিয়ে চুরির চেষ্টাকারী ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. জিসান আহমেদ (১৯)। তিনি সুনামগঞ্জের তেঘুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে আনসার বাহিনী।
পরে আটক জিসান আহমেদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন—এপিসি মো. জহির উদ্দিন, আনসার মো. শামীম মিয়া, আরিফ বিল্লাহ ও বিধান রবি দাস।
আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএডিসির গুরুত্বপূর্ণ গুদামের রাষ্ট্রীয় সম্পদ চুরি হওয়া থেকে রক্ষা পেয়েছে। তাদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসা করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে তাদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপ রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

