জনগণের শতভাগ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখা। কমিউনিটি ব্যাংকের নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএল) বা খেলাপি ঋণের হার কম থাকায় প্রশংসা করে তিনি বলেন, এটি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং ব্যাংকটির শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর পরিচালনা পর্ষদ ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়টি সাধারণ ব্যাংকগুলোর তুলনায় এ ধরনের ব্যাংককে আলাদা মাত্রা দিয়েছে।
জনগণের আস্থা ও আমানত বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু পুলিশ সদস্যদের মধ্যে ব্যাংকের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে এর ব্যবসা ও আমানত আশানুরূপ বাড়বে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে এবং আস্থার সঙ্গে এখানে অর্থ জমা রাখতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি গ্রাহকসেবা আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, লোন ডিলিং, জামানত বা কোল্যাটেরাল প্রক্রিয়া এবং ঋণ বিতরণে অহেতুক শর্ত ও জটিলতা রাখা উচিত নয়। বিশ্বস্ত ও সাধারণ গ্রাহকদের জন্য সহজ, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক করপোরেট ও বহুজাতিক ব্যাংকের ক্ষেত্রে মুনাফাকে প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয়। তবে কমিউনিটি ব্যাংকের উদ্দেশ্য কেবল মুনাফা অর্জন হওয়া উচিত নয়। কত বেশি সাধারণ মানুষকে মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়া গেল, সেটিও ব্যাংকটির সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত।
কমিউনিটি ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, এ অর্থ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা যাবে না। দেশের জন্য জীবন উৎসর্গকারী বা দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গুত্ববরণকারী পুলিশ ও শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা।
এ প্রসঙ্গে তিনি সম্প্রতি সাভারের আমিনবাজারে দুর্বৃত্তের হামলায় নিহত পুলিশ সদস্যের অসহায় পরিবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালনকালে শহীদ র্যাব কর্মকর্তার পরিবারের পাশে সিএসআর ফান্ড থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ এবং সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যেই কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।
অনুষ্ঠানে কেক কেটে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশ সদস্যদের জন্য ব্যাংকটির ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ শীর্ষক হোম লোন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের সাত বছরের সাফল্য, গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের আমন্ত্রিত অতিথি ও সুধীজনের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

