শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মুফাসসিররা পথহারা জাতির পথপ্রদর্শক: এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিররা পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি তাদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগ আয়োজিত মুফাসসির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে যারা মুফাসসির হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কোনো বাধা বা ভয়ভীতিকে পরোয়া করেননি; প্রয়োজনে দ্বীনের পথে জীবনও উৎসর্গ করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবে—এটি স্বাভাবিক। সেই বাধা মোকাবিলা করে দায়িত্বশীলদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তাফসির মাহফিল থেকে মানুষ যে রুহানি খোরাক প্রত্যাশা করে, সে বিষয়ে তাফসিরকারীদের সচেতন থাকতে হবে। কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিয়ে বয়ান উপস্থাপন করা হলে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে।

মুফাসসিরদের বক্তব্যের প্রভাব তুলে ধরে তিনি বলেন, একজন মুফাসসিরের একটি বক্তব্যও কখনো কখনো জাতির গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যুগে যুগে এর অনেক উদাহরণ রয়েছে। তাই মুফাসসিরদের বক্তব্যে জ্ঞান, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকা প্রয়োজন।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদ্য সাবেক সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে এবং বিভাগীয় সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহানগর উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল। শুরুতে দারসুল কুরআন উপস্থাপন করেন সংগঠনের মহানগর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী। মুফাসসিরদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারকে সিলেট বিভাগীয় সভাপতি এবং হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীকে বিভাগীয় সেক্রেটারি পুনর্নির্বাচিত করা হয়।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, অধ্যাপক ড. ফয়জুল হক, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং মাওলানা আব্দুল হাই জিহাদী।

কাউন্সিল অধিবেশনে সিলেট বিভাগের সব জেলা ও মহানগর শাখার কমিটিও গঠন করা হয়। এতে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন ক্বারী মাওলানা মতিউর রহমান এবং সেক্রেটারি হন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। সিলেট জেলা সভাপতি মাওলানা কমর উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার নির্বাচিত হন।

মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছী, সুনামগঞ্জ জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান এবং হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আশরাফ আলী ও সেক্রেটারি মাওলানা নবীর হোসাইন নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে ইকামতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে ময়দানে দায়িত্ব পালনের জন্য কুরআনের খাদেম মুফাসসিরদের প্রতি আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন