অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি খরচে হজে যাওয়ার নীতিমালা প্রণয়নেরও তাগিদ

দেশের মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং বিদ্যুৎ ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজে যাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে বিস্তারিত অবহিত করা হয়।

এর মধ্যে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম গুরুত্ব পায়।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, বিভিন্ন দপ্তর ও সংস্থার ভিশন-মিশন, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

মসজিদের বিদ্যুৎ ব্যবহারে নীতিমালার সুপারিশ

উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণেরও সুপারিশ করে সংসদীয় কমিটি।

সরকারি খরচে হজে যাওয়ার ক্ষেত্রে নীতিমালা চায় কমিটি

সরকারি অর্থে হজে যাওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। এ ক্ষেত্রে কারা এবং কোন মানদণ্ডে সরকারি খরচে হজে যেতে পারবেন, তা সুনির্দিষ্ট করতে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চিকিৎসক-কর্মকর্তাদের বদলির সুপারিশ

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালনকারী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মানুষের সেবা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ বদলির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশ নেন।

এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন