জনস্বাস্থ্য ও গবেষণায় নতুন সম্ভাবনার দিক উন্মোচনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত ‘NextGen Microbiology 2: 2nd National Conference on Emerging Horizon of Microbiology’ শীর্ষক দিনব্যাপী দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বর্তমান বিশ্বে মহামারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় সম্মেলন তরুণ গবেষকদের নতুন চিন্তার বিকাশ এবং গবেষণার নতুন দিকনির্দেশনা পেতে সহায়তা করবে।
তিনি আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে মাসব্যাপী স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করায় অণুজীববিজ্ঞান বিভাগকে সাধুবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রচলিত ল্যাবরেটরি-ভিত্তিক গবেষণার মাধ্যমে উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে ভালো প্রকাশনা অর্জন করা সম্ভব হলেও তা সবসময় সরাসরি সমাজের কল্যাণে আসে না। তাই গবেষণার সমস্যা সমাজ থেকেই চিহ্নিত করতে হবে এবং ল্যাবরেটরিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে সেসব সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞান এখন আর শুধু অণুজীবের প্রথাগত গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক বিশ্বে এ বিষয়টি জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিজ্ঞানচর্চা ও নতুন ভাবনার আদান-প্রদান অব্যাহত রাখতে এ ধরনের সম্মেলন ও আয়োজনের গুরুত্ব রয়েছে।
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও আইসিডিডিআর’বির ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা।
বক্তারা খাদ্য নিরাপত্তা, নিপা ভাইরাস এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে গবেষণালব্ধ বিভিন্ন তথ্য স্লাইড উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
সম্মেলনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে তাদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম এবং অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম। এ ছাড়া অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অণুজীববিজ্ঞান বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

