শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গুয়াতেমালাকে ৩.৫–০.৫ ব্যবধানে হারাল ওপেন দল

২৬ সেপ্টেম্বর, ২০২৬

উজবেকিস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ওপেন দল। অষ্টম রাউন্ডের ম্যাচে গুয়াতেমালাকে ৩.৫–০.৫ গেম পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তাঁরা যথাক্রমে গুয়াতেমালার উইনস্টন ডারউইন, কার্লোস জুয়ারেজ ফ্লোরেস ও রিকার্দো আন্দ্রেস আর্দোনেজ বনিয়াকে পরাজিত করেন।

অন্যদিকে বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের ম্যাচটি ড্র হয়। তিনি গুয়াতেমালার হেক্টর হোসে লিনারেস ওরেয়ানার সঙ্গে সমান পয়েন্ট ভাগ করেন।

নারী বিভাগেও অষ্টম রাউন্ডে ভালো লড়াই করেছে বাংলাদেশ। নরওয়ের বিপক্ষে ২–২ গেম পয়েন্টে ড্র করেছে বাংলাদেশের নারী দল। দলের চার খেলোয়াড়ই নিজেদের ম্যাচে ড্র করেন।

অষ্টম রাউন্ড শেষে ওপেন বিভাগে ৮ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। নারী বিভাগে বাংলাদেশের সংগ্রহ ৮ ম্যাচে ৯ পয়েন্ট।

পরবর্তী নবম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টিনিগ্রো। আর নারী বিভাগে বাংলাদেশ খেলবে লেবাননের বিপক্ষে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন