রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি (Mitchel Lee) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তার আধুনিকায়ন এবং প্রযুক্তি হস্তান্তরসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

এ সময় উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সিঙ্গাপুর মিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং (Philip Ong), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ (Dhanya Lingesh) উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন