রাজধানীর পল্টনে সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট দেওয়ার অভিযোগে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পল্টনের বক্স কালভার্ট রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানের নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে। তবে এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না।
এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার প্রমাণও পাওয়া যায়।
জনস্বার্থ এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

