সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক মো. আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২ অক্টোবর) পৃথক শোকবার্তায় তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেওয়া শোকবার্তায় রিজভী বলেন, লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন সৎ, নিষ্ঠাবান, নির্ভীক ও দ্বিধাহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আপসহীনভাবে সাংবাদিকতা করেছেন বলেও উল্লেখ করেন রিজভী।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক মো. আইয়ুব আলীর মৃত্যুতে দেওয়া শোকবার্তায় রিজভী বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন মো. আইয়ুব আলী। দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আইয়ুব আলীর সাহসী ভূমিকা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন রিজভী।
তিনি মরহুম মো. আইয়ুব আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতের দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মো. আইয়ুব আলীর মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি মরহুমকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

