পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন এতিমখানা এলাকার বাসিন্দা। তিনি মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারের বসতঘরের বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল। শুক্রবার দুপুরে ঘর পরিষ্কার করার সময় তিনি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

