পাবনা সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণীকে কৃষি উপকরণ কেনার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক-কৃষাণীকে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে একই দিন ফেনী জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পাবনায় এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক এবং পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
এ ছাড়া বিএনপির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, কৃষক কার্ডপ্রাপ্ত কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্লকের ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণীকে কৃষি উপকরণ ক্রয়ের জন্য ‘কৃষক কার্ড’ সেবার আওতায় প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সাশ্রয়ী ও ন্যায্যমূল্যে সেচ সুবিধা ও সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ পাবেন।
এ ছাড়া সরকারি বিভিন্ন ভর্তুকি, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারদর, আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি বিষয়ে কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই ও দমন বিষয়ে জরুরি পরামর্শ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় কৃষি বিমা সুবিধাও পাওয়া যাবে।
কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির বিশেষ সুবিধাও পাবেন। এসবের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানান।

