শনিবার, ৩ অক্টোবর ২০২৬

খাদ্য অপচয় রোধে নোয়াখালীতে সচেতনতা কার্যক্রম জোরদারের উদ্যোগ

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ১০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিন কী পরিমাণ খাবার অপচয় হচ্ছে, তার হিসাব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয়ের পরিমাণ ভোক্তাদের সামনে তুলে ধরে প্রয়োজন অনুযায়ী খাবার অর্ডারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাদ্যক্ষয় ও অপচয়বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাইজদীর নাইস গেস্ট হাউজ-২-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার অর্ডার, বেশি পরিমাণে রান্না এবং অবশিষ্ট খাবার যথাযথভাবে সংরক্ষণ না করায় হোটেল-রেস্তোরাঁয় খাদ্য অপচয়ের পরিমাণ বাড়ছে। কোনো কোনো হোটেলে প্রতিদিন প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার নষ্ট হচ্ছে।

বক্তারা আরও বলেন, খাবারের অপচয় কমাতে ভোক্তাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি হোটেল-রেস্তোরাঁর কর্মীদের প্রশিক্ষণ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে খাবারের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের সচেতন করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে খাদ্য অপচয় রোধ করা সম্ভব নয়। শৈশব থেকেই খাবারের মূল্য এবং খাদ্য অপচয় রোধের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ সব পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সভায় আরও বক্তব্য দেন এনজিও বন্ধনের নির্বাহী পরিচালক (ইডি) আমিনুজ্জামান মিলন, প্রানের কর্মসূচি সমন্বয় প্রধান উম্মে সালমা পপি, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নুরে আলম সিদ্দিকি রনি, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান এবং আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি।

সভা শেষে অংশগ্রহণকারী রেস্তোরাঁ প্রতিনিধিদের মধ্যে ‘ফুড ওয়েস্ট’ পোস্টার ও টেবিল স্ট্যান্ড বিতরণ করা হয়। এসব উপকরণের মাধ্যমে প্রতিদিন ও মাসে কী পরিমাণ খাবার অপচয় হচ্ছে, তার হিসাব রাখা এবং সেই তথ্য ভোক্তাদের সামনে তুলে ধরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন