বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ঘটনাস্থল পরিদর্শনে শফিকুর রহমান

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি মিরপুর-১০ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এর আগে বুধবার সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযান শুরু করলে একপর্যায়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনায় ডিএনসিসির অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাঙচুরের খবর পাওয়া গেছে।

ঘটনার পর দুপুরেই ডা. শফিকুর রহমান সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি উচ্ছেদের আগে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের পথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি অভিযোগ করেন, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে একটি অসাধু চক্র নিয়মিত চাঁদা আদায় করে সেখানে ব্যবসার সুযোগ দিয়ে আসছে। এ ধরনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

ডা. শফিকুর রহমান স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়েও বিস্ময় প্রকাশ করেন। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন