জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনায় ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মনির হোসেন কামালকে সভাপতি এবং আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকেলে বরগুনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু ও শফিকুল ইসলাম খোকন। যুগ্ম সম্পাদক মোসা. লামিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, কোষাধ্যক্ষ মো. নাসির মোল্লা, মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হাইরাজ মাঝি, যুব সম্পৃক্ততা সমন্বয়কারী মো. সজিব হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক মোসা. শারমিন।
এ ছাড়া দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সোহাগ আকন এবং নির্বাহী সদস্য হিসেবে মহসিন খান দায়িত্ব পেয়েছেন।
আয়োজকরা জানান, বরগুনা জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বিষয়গুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরাই ফোরামের অন্যতম লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনগোষ্ঠী নানা ধরনের সংকট ও ঝুঁকির মুখোমুখি হচ্ছে। নবগঠিত ফোরাম তাদের বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তারা আরও আশা প্রকাশ করেন, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

