হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক পুনর্বাসনের কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হবিগঞ্জের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলোর যথাযথ ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি স্থানীয় সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে প্রশাসন ও পুলিশের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজা উদযাপনে কোনো সমস্যা বা অভিযোগ দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় হবিগঞ্জের স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মো. শাম্মী আক্তার এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহামদ আলী মুকিব। এছাড়া পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

