বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায়ের শুরু

১ অক্টোবর ২০২৬ 

লিওনেল মেসির বিদায়ঘণ্টা যখন আরও কাছে, তখনই আর্জেন্টিনা শুরু করল মেসি-পরবর্তী সময়ের প্রস্তুতি। নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে মাঠে নেমে বলিভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে লিওনেল স্কালোনির দল।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে দুটি গোল করার পর বিরতির পরও একই ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আরও দুইবার বলিভিয়ার জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে তারা।

আর্জেন্টিনার হয়ে গোলের খাতা খোলেন লাউতারো মার্টিনেজ। এরপর নিকো পাজ, অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ একটি করে গোল করেন।

পরিসংখ্যানেও ছিল আর্জেন্টিনার পরিষ্কার আধিপত্য। পুরো ম্যাচে প্রায় ৬৯ শতাংশ বলের দখল ছিল তাদের। ১৬টি শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়া মাত্র তিনটি শট নিতে পেরেছে, যার কোনোটিই লক্ষ্যে পৌঁছায়নি।

মেসির জাতীয় দল থেকে বিদায়ের আগে নতুন নেতৃত্ব ও নতুন মুখদের নিয়ে আর্জেন্টিনার এই পারফরম্যান্স তাই আলাদা গুরুত্ব পাচ্ছে। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন