দলের সাংগঠনিক কার্যক্রমে ঐক্য, পারস্পরিক সমন্বয় ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ ও নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক দুটি সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী প্রথমে মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেন। পরে শিবগঞ্জ উপজেলার পুন্ড্রনগর সম্মেলন কক্ষে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা এবং পৌর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।
সভাগুলোতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা শোনেন এবং তা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
বক্তব্যে মীর শাহে আলম ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভাগুলোতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

