সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৩ অক্টোবর) তিনি এ সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন সেনাবাহিনী প্রধান। এ আয়োজনের পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
সেনাবাহিনী প্রধানের এ সফর দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক মতবিনিময় এবং সামরিক বিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

