ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির ২য় ও ৩য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সেসব বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করা হয়।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়ের ওপর কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী বৈঠকে আরও সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. সফিকুর রহমান (কিরন) এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি অংশগ্রহণ করেন।
এ ছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

