সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ডিএনসিসির উদ্যোগ

২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ: ডিএনসিসি প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে আধুনিক এসটিএস নির্মাণের উদ্যোগ

রাজধানীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে আমিনবাজার ল্যান্ডফিল থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে এ পরিকল্পনার কথা জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে একে সম্পদে রূপান্তর করতে চায় ডিএনসিসি। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, নির্ধারিত এসটিএসের ভেতরে বর্জ্য না ফেলে রাস্তায় বা বাইরে রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, চলাচলের পথে রাস্তায় এলোমেলোভাবে ময়লা পড়ে থাকুক কিংবা মানুষ দুর্গন্ধে কষ্ট পাক, তা ডিএনসিসি চায় না। এ লক্ষ্যেই প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে আধুনিক ও দৃষ্টিনন্দন এসটিএস নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

মিরপুরে পরিবেশবান্ধব এসটিএস উদ্বোধন

প্রশাসক জানান, মিরপুর ১৪ নম্বর সেক্টরে ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের এবং ১০০ ফুট দীর্ঘ পরিবেশবান্ধব এসটিএসটি দ্রুতগতিতে নির্মাণ করা হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ ও ভোগান্তি কমবে।

ভ্যান সার্ভিসের কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বাসাবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য কোনোভাবেই রাস্তার ওপর রাখা যাবে না। ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে নিয়ে বর্জ্য ফেলতে হবে। দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে প্রতিদিন এসটিএসের ভেতরে ও বাইরে পানি দিয়ে ধোয়া এবং ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশনাও দেন তিনি।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রতি শনিবার ডিএনসিসি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন