রাখাইনের পোন্নাগিউনে হামলায় আহত অন্তত ১৮; নিরাপদ আশ্রয় ভেবে শিবিরে বসবাস করছিলেন বাস্তুচ্যুতরা
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
হঠাৎ বোমা হামলায় ধ্বংস শিবিরের ঘরবাড়ি
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের উত্তর-পূর্বে পোন্নাগিউন টাউনশিপের ‘বিয়ার লা’ বাস্তুচ্যুত মানুষের শিবিরে এ হামলা চালানো হয়। যুদ্ধবিমান থেকে আকস্মিক বোমা বর্ষণে বাঁশের তৈরি ঘরবাড়িগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
হামলায় নিজের মেয়ে, মা ও খালাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানদার চিত সু ওয়াই। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমরা কোনো যুদ্ধবিমানের শব্দও শুনতে পাইনি। হঠাৎ করেই বিমানটি এসে বোমা ফেলে চলে যায়। এই ঘটনা আমাদের পরিবারকে পুরোপুরি ভেঙে দিয়েছে।’
নিরাপদ আশ্রয় ভেবেই সেখানে বসবাস করছিলেন মানুষ
উদ্ধার ও জরুরি সেবামূলক সংস্থা ‘ফিউসিন ইন খউইন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান খাইনে হেইন হেত নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবিরটিতে অনেক বাসিন্দা চার বছর ধরে বসবাস করছিলেন। এটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না; নিরাপদ মনে করেই মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
হামলায় মা, ভাই ও বোনকে হারিয়েছেন ৪৫ বছর বয়সী টুকটুক চালক অং কিয়াও মিন। তিনি জানান, ১০ বছর বয়সী এক শিশুসহ তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ হলুদ ও লাল রঙের প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে সমাহিত করেন। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাখাইনে অবরোধ ও বিমান হামলা অব্যাহত
পাঁচ বছর আগে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা রাখাইন রাজ্য বর্তমানে জান্তা বাহিনীর অবরোধ ও নিয়মিত বিমান হামলার শিকার হচ্ছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষের সংঘাতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

