রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে ৪ বছরের শিশুকে রেখে নেমে গেলেন মা, ৯৯৯-এর কল পেয়ে উদ্ধার

নরসিংদী রেলস্টেশনে চলন্ত ট্রেনে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রায় চার বছর বয়সী এক শিশুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই দিন দুপুরে নরসিংদী রেলস্টেশনে চলন্ত ট্রেনের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ট্রেনের ভেতরে তিন থেকে চার বছর বয়সী একটি শিশুকে পেয়েছেন। তার ধারণা, শিশুটির পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে গেছেন। কলার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ করে। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল মিতু। উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

ঘটনাসূত্রে জানা যায়, শিশুটির মা সিলেটের খোলাউড়া থেকে কালনী এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর পর প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। তবে ভিড়ের কারণে মেয়েকে সঙ্গে নিয়ে নামতে পারেননি। একপর্যায়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে শিশুটি ট্রেনের ভেতরেই থেকে যায়।

৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর নরসিংদী রেলওয়ে থানার একটি দল ট্রেনটি নরসিংদী স্টেশনে পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে শিশুটির পরিবারের সদস্যরা নরসিংদী রেলওয়ে থানায় পৌঁছালে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তৎপরতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন