নির্ধারিত সময়ের এক দিন আগেই ওয়াশিংটনে প্রত্যাবর্তন • কারণ জানায়নি হোয়াইট হাউস • রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই ক্যাম্প ডেভিডে সাপ্তাহিক ছুটি সংক্ষিপ্ত করে হঠাৎ হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবারই ওয়াশিংটনে ফেরেন তিনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার ক্যাম্প ডেভিড ছাড়ার কথা ছিল ট্রাম্পের। তবে কেন সফর সংক্ষিপ্ত করে এক দিন আগেই তিনি হোয়াইট হাউসে ফিরলেন, সে বিষয়ে প্রশাসন কোনো ব্যাখ্যা দেয়নি।
ট্রাম্পের আকস্মিক প্রত্যাবর্তন এমন সময়ে ঘটল, যখন সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে ইয়েমেনের হুতিরা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই দিনে ইয়ানবু, তায়েফ, বাইশ ও ফারাসানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলার চেষ্টা হয়েছিল বলে সৌদি জোট দাবি করেছে। হুতিরা রিয়াদের ‘সংবেদনশীল স্থাপনা’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করার দাবি করলেও এর পক্ষে প্রমাণ দেয়নি।
পরিস্থিতির মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কয়েকটি মার্কিন দূতাবাস নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে দ্রুত বদলে যেতে পারে উল্লেখ করে অঞ্চলটিতে ভ্রমণ পুনর্বিবেচনারও পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ট্রাম্পের আগাম হোয়াইট হাউসে ফেরার সঙ্গে মধ্যপ্রাচ্যের এসব ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন। ফলে তাঁর আকস্মিক সূচি পরিবর্তনের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে অজানা।

