ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ফিলাডেলফিয়ায় বিক্ষোভ • গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’ বললেন ব্রিটিশ পপ তারকা
আন্তর্জাতিক ডেস্ক
কনসার্ট ভেন্যুর বাইরে ফিলিস্তিনি পতাকা হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান। আর ভেতরে মঞ্চে উঠে গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। যুক্তরাষ্ট্রে তাঁর ‘লুপ ট্যুর’ ঘিরে কয়েক দিনের বিতর্কের পর ফিলাডেলফিয়ার কনসার্ট যেন পরিণত হলো সংগীত, প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্কের এক নতুন অধ্যায়ে।
শনিবার ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের বাইরে জড়ো হন কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড। ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও দেন তারা। পুলিশ দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলে।
বিক্ষোভের পেছনে রয়েছে শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। নিউ জার্সিতে একটি পরিবেশনার সময় ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। পরে তাঁকে লুপ ট্যুর থেকে সরিয়ে দেওয়া হয়।
এড শিরান অবশ্য ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজের ছিল না বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কনসার্টের প্রোমোটার ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঞ্চে গাজা নিয়ে শিরান
বিতর্কের মধ্যেই ফিলাডেলফিয়ার মঞ্চে গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন ৩৫ বছর বয়সী এড শিরান।
গাজার পরিস্থিতিকে তিনি ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’ বলে বর্ণনা করেন। বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানির ব্যাপকতায় তাঁর হৃদয় ভেঙে গেছে বলেও জানান তিনি। একই সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে এবং ভুলও হচ্ছে বলে স্বীকার করেন শিরান।
সাম্প্রতিক বিতর্কের জন্য অনুশোচনাও প্রকাশ করেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। তবে তিনি তাঁর সংগীত ও কনসার্টকে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে ঐক্য ও মানবিকতার জায়গা হিসেবে দেখতে চান বলে জানান।
একে একে সরে দাঁড়ান সহযোগী শিল্পীরা
ম্যাকলমোরকে ট্যুর থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শিরানের সঙ্গে নির্ধারিত চারটি সহযোগী অ্যাক্টও পরবর্তী সময়ে ট্যুর থেকে সরে দাঁড়ায়। তাদের মধ্যে ছিলেন বিলি আইলিশের ভাই ও সংগীত সহযোগী ফিনিয়াস। এছাড়া অ্যারন রো, লুকাস গ্রাহাম এবং আইরিশ ব্যান্ড বেওগাও ট্যুর ছাড়ে।
তাদের কয়েকজন ম্যাকলমোরের প্রতি সংহতি এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানের কথা প্রকাশ্যে জানিয়েছেন।
ফলে ফিলাডেলফিয়ার কনসার্টটি শুধু একটি সংগীত আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি। ভেন্যুর বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ এবং ভেতরে গাজার পরিস্থিতি নিয়ে শিরানের বক্তব্য—দুইয়ে মিলে তাঁর চলমান লুপ ট্যুরকে ঘিরে বিতর্ক আরও সামনে এসেছে।

