শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘ভারত-মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে’: প্রতিমন্ত্রী টুকু

কেরানীগঞ্জে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশ


প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদকের বিস্তার ঠেকাতে দল-মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামছুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বক্তব্য দেন।

সমাবেশে মাদকের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। পরিবার থেকেই শিশু-কিশোর ও তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ বাড়ানো এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেককে নিজ বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, ডেঙ্গু ও মাদক—দুটি সমস্যাই সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন