দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান। দীর্ঘ কর্মজীবনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে তার পথচলার নানা স্মৃতিচারণে বিদ্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিজ কার্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান বলেন, “দীর্ঘ ২৯ বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিক্ষকতা ও দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসা ও সহযোগিতা আমার কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদ্যালয়ের স্মৃতি সবসময় আমার হৃদয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমার দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। এসব উন্নয়নকাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি আনন্দিত।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। জীবনে সফল হতে হলে পরিশ্রম, শৃঙ্খলা ও সততার বিকল্প নেই।”
এদিকে, বিদায়ী প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলেও এতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তীতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

