অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় জামালপুরে ৬৭০ তালবীজ রোপণ, উদ্ধার নিষিদ্ধ চায়না জাল

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ঝুঁকি কমাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। এর অংশ হিসেবে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে ৬৭০টি তালের আঁটি রোপণ করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ভরভরে বিল এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভরভরে বিলের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তার উভয় পাশে তালের আঁটি রোপণ করেন। সংশ্লিষ্টদের মতে, তালগাছের বিস্তারের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তালবীজ রোপণের সময় ভরভরে বিলের পানিতে একটি ক্ষতিকারক ‘চায়না দুয়ারী’ মাছ ধরার জাল দেখতে পান আনসার-ভিডিপি সদস্যরা। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় তারা তাৎক্ষণিকভাবে জালটি পানি থেকে তুলে নেন। পরে উদ্ধার করা নিষিদ্ধ জালটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।

এ ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে জনকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে আনসার-ভিডিপির সদস্যদের এমন উদ্যোগ সংশ্লিষ্ট এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন