জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজের দুটি স্টিল প্লেট খুলে উঁচু হয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে স্থানীয়দের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত অর্থায়নে ব্রীজটির ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের অর্থায়নে মেরামতকাজটি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের পিলারের মাঝখানে থাকা দুটি স্টিল প্লেট দীর্ঘদিন ধরে খুলে গিয়ে ব্রীজের পাটাতন থেকে প্রায় এক হাত উঁচু হয়ে ছিল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলের সময় যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পলাশ মিয়া ফারুকের নজরে আসে। পরে তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেটগুলো মেরামতের ব্যবস্থা করেন।
মেরামতের পর ব্রীজটি দিয়ে স্থানীয়দের চলাচলে ঝুঁকি কমেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

