শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খানপুরে বিআইডব্লিউটিএ গুদামে আনসারের অভিযান, মাদক ও অস্ত্রসহ আটক ২

নারায়ণগঞ্জের খানপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদাম এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আব্দুল খালেক ও আনোয়ার হোসেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, গভীর রাতে খানপুরের বিআইডব্লিউটিএ গুদাম এলাকায় দায়িত্ব পালনকালে কর্তব্যরত আনসার সদস্য নাছির উদ্দীন ও আবু বক্কর দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা গোপনে তাদের ওপর নজরদারি শুরু করেন।

একপর্যায়ে ওই দুই ব্যক্তি গুদাম এলাকায় বসে মাদক সেবন করছেন বলে দেখতে পান আনসার সদস্যরা। পরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে গাঁজা ও চুরি করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে ধারণা করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প ইনচার্জের মাধ্যমে তাদের বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সদস্যদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকার প্রশংসা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন