অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে ৪৪টি টিমের অভিযান, অনিয়মের দায়ে ৮২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের ৪৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালায়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি

অধিদপ্তর জানিয়েছে, ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসা প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি প্রতিরোধে এ তদারকি কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার বিষয়েও অভিযান পরিচালনা করা হয়।

ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও কৃত্রিম সংকট সৃষ্টিতে সতর্কতা

অভিযানকালে ব্যবসায়ীদের ফলমূলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার বা মিশ্রণ না করা এবং ফল বিক্রির ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করেছে অধিদপ্তর।

ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।

পণ্য কেনার আগে মূল্য ও মেয়াদ যাচাইয়ের পরামর্শ

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার জন্যও অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।

অনিয়মের অভিযোগ জানাতে হটলাইন ১৬১২১

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন