বাবুরাইলের একটি বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার; গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে একটি টিনশেড বাড়ির বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় মোজাম্মেল হক রাজনের বসতঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তিন মামলা বিচারাধীন
গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন মো. সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে। তিনি বাবুরাইলের ঋষিবাড়ি-সংলগ্ন গণি মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

