অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘রেমিট্যান্স যোদ্ধাদের মতো অপমানিত মানুষ আর নেই’: এমপি মনিরুল

কুমিল্লা পাসপোর্ট অফিসে প্রবাসীদের ভোগান্তি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী; হয়রানি বন্ধে রোববার থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

‘আমরা প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তাদের মতো অত্যাচারিত ও অপমানিত মানুষ আর নেই’—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে সেবা নিতে আসা প্রবাসীদের ভোগান্তি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

পাসপোর্ট থেকে বিমানবন্দর—সবখানেই হয়রানির অভিযোগ

মনিরুল হক চৌধুরী বলেন, দেশের প্রতিটি খাতে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, জন্মনিবন্ধন কার্যালয় থেকে শুরু করে বিমানবন্দর—এমন কোনো জায়গা নেই, যেখানে তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

তিনি বলেন, সবই সরকারি দপ্তর। তাহলে প্রবাসীদের কেন সেবা নিতে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হবে? কেন তাঁরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় সেবা পাবেন না? দেশে এসে পাসপোর্ট নবায়ন ও সংশোধন করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়ছেন প্রবাসীরা।

হয়রানি কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সংসদ সদস্য বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানে দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। বর্তমান সরকার গণমানুষের সরকার এবং প্রবাসীদের কল্যাণে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে। বিমানবন্দরে হয়রানি আগের তুলনায় কমেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, একসময় তা শূন্যের কোঠায় নেমে আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি নিরসনে ইতিমধ্যে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে কথা বলেছেন। তিনি বিষয়গুলো নিয়ে আন্তরিক। আগামী রোববার থেকে হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

কুমিল্লায় সাব-অফিস ও বিভাগীয় কার্যালয়ের পরিকল্পনা

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বড় জেলা হওয়ায় পাসপোর্ট সেবা সহজ করতে জেলার উত্তর ও দক্ষিণ অংশে অন্তত দুটি সাব-অফিস স্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি বিভাগীয় কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত স্থান নির্ধারণ করে সেখানে কার্যালয় স্থাপন করা হবে।

পাসপোর্ট অফিস দালালমুক্ত করার উদ্যোগ

পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের বিষয়েও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলে জানান সংসদ সদস্য। এ বিষয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পরিদর্শন শেষে কুমিল্লা পাসপোর্ট অফিসের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন