প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই পক্ষ।
বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সামরিক প্রশিক্ষণ সহযোগিতা জোরদার, উচ্চপর্যায়ের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা
প্রতিরক্ষা উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অবদান ও পেশাদারিত্বের কথা তুলে ধরেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য ভূমিকা, ত্যাগ ও ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পর্ক সম্প্রসারণে নিয়মিত সহযোগিতার প্রত্যাশা
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ মহড়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক এবং কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

