অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

গহিন পাহাড়ে গোলাগুলি, আটক ৩; জিম্মি অবস্থায় উদ্ধার ৫৭ বাংলাদেশি ও রোহিঙ্গা, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ দল। এ সময় গোলাগুলির ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছেন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আইএসপিআর এ তথ্য নিশ্চিত করলেও অভিযানের বিস্তারিত জানায়নি।

তবে একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টেকনাফের লেদাস্থ ২৪ ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী গহিন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, উদ্ধার ৫৭ জন

সূত্রের তথ্য অনুযায়ী, অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হওয়াসহ হতাহতের ঘটনা ঘটেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে তিনজনকে আটক করার পাশাপাশি একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

অভিযান এখনো চলমান

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন