বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা চীনা নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে অবস্থানরত জাহাজ দুটি পরিদর্শন করেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক নৌপ্রযুক্তি, সরঞ্জাম ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরে তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নৌ-সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়ে আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। সফরকালে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, এ ধরনের জাহাজ সফরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর অংশগ্রহণে PASSEX নামে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।

