অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ, ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা যাবে।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) থেকে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, এ ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

তবে অনলাইনে আবেদন করেও ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ হিসেবে নির্বাচন করেননি। এ ছাড়া ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি। ফলে এসব প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হননি।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয় গত ২ সেপ্টেম্বর। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন