অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিদায়ী সাক্ষাতে ইয়াও ওয়েন, বাংলাদেশ–চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ–চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর সফল করতে তাঁর অবদানের কথা উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক ‘China-Bangladesh Community with a Shared Future’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে কূটনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ সংলাপসহ নতুন প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছিল, ঢাকা ও বেইজিং প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার বিষয়ে কাজ করছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন তাঁর জন্য সম্মানের ছিল। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে ইয়াও ওয়েন আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) মন্ত্রীর চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য এই উচ্চপর্যায়ের সফরের কথা জানিয়েছিল।

বিদায়ী রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন