রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার স্বার্থে আলজেরিয়ার সঙ্গে এ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতেও দুই দেশের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টিও গুরুত্ব পায়। শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।

এ সময় আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের প্রতিফলন ঘটে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন