নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক ডিউটি পালনকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম শাকিল মিয়া (১৯)।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে এক ছিনতাইকারীকে স্থানীয় উত্তেজিত জনতা ধাওয়া করে। এ সময় ওই যুবক আনসার সদস্যদের নির্ধারিত ট্রাফিক ডিউটি পোস্টের পাশ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি লক্ষ্য করে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
ছিনতাইকারীকে আটকের ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করেন পিসি মো. মিল্লাদ বিশ্বাস, আনসার সদস্য মো. ইমরান নাজির ও মো. শফিকুল ইসলাম। পরে আটক শাকিল মিয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশে থেকে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার পাশাপাশি সড়ক ও জনপথের নিরাপত্তা বিধানেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।

