বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের জেরে হেমায়েতপুরে একাধিক পোশাক কারখানা ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা

ঢাকার সাভারের হেমায়েতপুর ও তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় চলমান শ্রমিক অসন্তোষ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা আগামী ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কারখানাগুলোর মালিকপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট কারখানাগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি কারখানা, পদ্মা নেট গার্মেন্টস লিমিটেড, রূপকথা গার্মেন্টস লিমিটেডসহ আরও একাধিক পোশাক কারখানা।

এদিকে, দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেডের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে, কারখানা ও সংশ্লিষ্ট অফিস ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৭ নভেম্বর শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৮ নভেম্বর রোববার যথারীতি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতিতে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় মালিকপক্ষ সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শ্রমিকদের বিভিন্ন দাবি ঘিরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় অসন্তোষ দেখা দেয়। হেমায়েতপুর এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হয়।

এ অবস্থায় শ্রমিকদের নিরাপত্তা, কারখানার সার্বিক পরিবেশ এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি বিবেচনায় সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বন্ধ থাকা সব কারখানা আগামী ৮ নভেম্বর থেকে একযোগে উৎপাদন কার্যক্রম শুরু করবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পৃথক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন