বুধবার, ৪ নভেম্বর ২০২৬

৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ। আর এ আগমনের মধ্যদিয়ে পায়রা বন্দরে বড় আকারের জাহাজ চলাচল ও পণ্য পরিবহনের সক্ষমতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজটি পায়রা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। গভীর সমুদ্রে বন্দরের নির্ধারিত অবস্থানে নোঙর করে জাহাজটি। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। জাহাজটিতে থাকা এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। কয়লা খালাসের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করেছে। আজ বুধবার থেকেই কয়লা খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি পণ্য খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে এনে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।

তিঁনি আরও বলেন, এখন থেকে পায়রা বন্দরে একের পর এক বড় জাহাজ আসতে থাকবে। এর ফলে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন