জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়ন নিয়েও ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। আলোচনায় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন এবং নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশগ্রহণ করেন।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনায় বলা হয়, ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে। তরুণদের কল্যাণে জনবান্ধব সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।
ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়নের বিভিন্ন দিক উঠে আসে।
বৈঠকে জুলাই সনদের ৬(ক) ধারায় উল্লেখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটির বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে সব দল একমত পোষণ করে জুলাই সনদে স্বাক্ষর করলেও বিরোধী দল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
কমিটি জানায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক। বৈঠকে তরুণরা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের ওপর আস্থা রেখে সহমত পোষণ করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

