মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার বদলি ও পদায়ন; জিএমপি কমিশনার হলেন মো. আশিক সাঈদ।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশে নতুন দায়িত্ব

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

জিএমপি ও রাজশাহী রেঞ্জে পদায়ন

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন