রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

গ্রেপ্তার আলমগীর শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে।

মামলা ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাথাব্যথা হওয়ায় সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। সেখানে আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন।

শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে—এ কথা বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটি শারীরিক ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর তার বাবা থানায় মামলা করেন।

শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

তবে আলমগীরের বক্তব্য তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, ঝাড়ফুঁকের কাজকে কেন্দ্র করে রতন নামে এক ব্যক্তির সঙ্গে আলমগীরের বিরোধ তৈরি হয়। তার দাবি, একটি চক্র টাকা দাবি করে তা না পাওয়ায় শিশুটিকে দিয়ে আলমগীরের বিরুদ্ধে কথা বলানো হয়েছে এবং পরে পরিবারকে উসকানি দিয়ে মামলা করানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন